হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক সৌমিক দত্তকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী। তিনি জানান, সৌমিক রোববার দিবাগত রাতে ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন। এরপর গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে এনে কমপ্রেসারের ভেতরে লুকানো ৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। অথেলো চৌধুরী আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।



