শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হাওয়া ভবনের সমালোচনায় তারেক রহমানের শ্যালক!

হাওয়া ভবনের সমালোচনায় তারেক রহমানের শ্যালক!

হাওয়া ভবন সম্পর্কে কটূক্তি করায় তারেক রহমানের শ্যালক শরাফত হোসেন বাবুকে যুক্তরাষ্ট্র বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে। শুধু তাই নয়, বিএনপির প্রাথমিক সদস্যপদও কেড়ে নেয়া হচ্ছে ওয়াশিংটন ডিসিতে বসবাসরত শরাফত হোসেন বাবু এবং তার দোসর বেলাল মাহমুদের।

উল্লেখ্য, শরাফত হোসেন বাবু ও বেলাল মাহমুদ যুক্তরাষ্ট্র বিএনপির যথাক্রমে সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ১৮ আগস্ট নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘তারেক রহমানের চিন্তা-দর্শন’ সম্পর্কিত একটি গ্রন্থের প্রকাশনা উৎসবের কর্তৃত্ব না পেয়ে শরাফত হোসেন বাবু এবং তার দোসরেরা গন্ডগোল বাঁধিয়েছিলেন। এর ৪ দিন পর ২২ আগস্ট যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের এক সংবাদ সম্মেলন থেকে শরাফত হোসেন বাবুকে ‘চাঁদাবাজ’ অভিহিত করে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।

এ সময় আরো অভিযোগ করা হয় যে, লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের সাথে টেলিফোনে কথা বলিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেয়ার অঙ্গীকার করে অনেকের কাছে থেকে মোটা অর্থ হাতিয়ে নিয়েছেন শরাফত হোসেন বাবু।

এর দুদিন পর অর্থাৎ ২৪ আগস্ট শরাফত হোসেন বাবু এবং বেলাল মাহমুদ পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে। সে সময় হাওয়া ভবন এবং তারেক রহমান সম্পর্কে নানা কটূক্তি করেন। হাওয়া ভবনের সাবেক লোকজন সম্পর্কে অশ্লীল অভিযোগ উত্থাপন করে তারেক রহমানের উদ্দেশ্যে শরাফত হোসেন বাবু বলেন, ‘এখন তারেক রহমানকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি হাওয়া ভবনের ওইসব বিতর্কিত লোকদের সাথে থাকবেন, নাকি আমাদের সাথে থাকবেন।’

তারেক রহমানের স্ত্রীর খালাতো ভাই শরাফত হোসেন বাবু এবং তার দোসরদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউইয়র্ক থেকে বিএনপির ৩ নেতা লন্ডনে গেছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিএনপির অপর নেতা ডা. মজিবুর রহমান মজুমদারও লন্ডনে যাবেন মঙ্গলবার। এ ৪ জনের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির নয়া নেতৃত্ব নির্বাচন এবং অপরাপর পরিস্থিতি নিয়ে তারেক রহমান মতবিনিময় করবেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে।

আরও পড়ুন

সর্বশেষ