সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপহাতিরঝিলে নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন, উপজেলা হলো শায়েস্তাগঞ্জ

হাতিরঝিলে নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন, উপজেলা হলো শায়েস্তাগঞ্জ

রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। হাতিরঝিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম থানা। অন্যদিকে শায়েস্তাগঞ্জসহ দেশে উপজেলার সংখ্যা দাড়ালো ৪৯২টিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এ কমিটির আহ্বায়ক। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নতুন পুলিশি থানা অনুমোদন পেয়েছে। ‘হাতিরঝিল সমন্বিত উন্নয়ন’ প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং কার্যক্রম পরিচালনায় ৭১টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরে পৌরসভা গঠনের প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, এটি একটি সমৃদ্ধ জনপদ। অলরেডি টাউনশিপ হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাট নামে নতুন একটি পুলিশি থানা স্থাপন এবং কার্যক্রম পরিচালনায় ৪৩টি পদ সৃজনের প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে।

যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নকে ফরিদুপর সদর উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে নিকার। এছাড়া ফরিদপুর পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে। মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলার ডাশা থানাকে উপজেলায় উন্নীতকরণের প্রস্তাবের আরো পর্যালোচনা করতে বলেছে নিকার। কুমিল্লা জেলার মুরাদনগর পৌরসভা গঠনের প্রস্তাবটিও আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য বলা হয়েছে। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা ও নাটোর জেলার বনপাড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবেরও অনুমোদন দিয়েছে নিকার।

আরও পড়ুন

সর্বশেষ