চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। সোমবার সকালে মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানিয়ে বলেন, রোববার রাতেই বাবার প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই আমরা চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাবো। মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে মুহিবুল বলেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। প্রাথমিকভাবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হৃদরোগ সমস্যার জন্য বাবাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
উল্লেখ্য, রোববার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় আনা হয়। শনিবার রাতে মহিউদ্দিনের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় প্রথমে তাকে চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।




