নগরীর বন্দর থানাধীন নিমতলা বিমান চত্বরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) বিশেষ সাধারণ সভায় উত্থাপিত সব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সমর্থনের কথা জানান।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নৌমন্ত্রীর নির্দেশনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে আঘাত পাওয়া শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা ও চিকিৎসাকালীন দৈনিক জীবিকাভাতা প্রদান, গ্রুপ ইন্স্যুরেন্স বাস্তবায়ন, জেনারেল কার্গো বার্থের শ্রমিকদের জন্য টনেজ ভিত্তিতে মজুরি নির্ধারণ, দুই সেট করে গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন পোশাক প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। সভায় বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. কামাল, সিনিয়র সহসভাপতি মো. হাসান, মো. নুরুল আফছার, নুরুল আমিন ভূঞা, দুলাল মিয়া প্রমুখ।




