আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৯ অক্টোবর চট্টগ্রাম শহরের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আক্রমন থেকে শুধু জনগণ নয়, গণমাধ্যম কর্মীরাও রেহাই পায়নি। আওয়ামী পেশিশক্তির কাছে পুলিশ হার মেনেছে বলে মন্তব্য করে খসরু বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে না, সেইরকম একটা সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করা যায় না। তিনি আরো বলেন, দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। এতো আক্রমন করার পরেও চট্টগ্রামের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে ২৮ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে বের হন বিএনপি প্রধান। তার গাড়িবহরে যোগ দেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনীতে পৌঁছানোর পর আওয়ামী সন্ত্রাসীরা খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর চালায়। এতে মিডিয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর।




