বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনতারেকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

তারেকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বুধবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, তারেক রহমান বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে নতুন প্রজন্মের নেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়। তাঁর জনপ্রিয়তার কারণেই ভীত সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে এদেশের মানুষের হৃদয় থেকে তারেক রহমানকে মুছে ফেলা যাবে না।

তিনি আরো বলেন, তারেক রহমান জাতির সামনে সত্য তুলে ধরেছে, অবৈধ সরকার তারেক রহমানের সত্য কথাগুলি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, তাদের সুনিয়ন্ত্রিত আদালতকে ব্যবহার করে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ গণআন্দোলন সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং অবৈধ সরকারের কোনো ষড়যন্ত্র সফল হবে না। অচিরেই তিনি সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের মাঝে ফিরে আসবেন।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নতুন কিছু নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, কিন্তু সরকার এখনো একটি পরোয়ানাও কার্যকর করতে পারেনি। তারুণ্যের অংহকার তারেক রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি কার্যকর করতে পারবে না এবং সরকারের সেই ক্ষমতা নেই। সমবেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা প্রত্যাহরের দাবি জানিয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, অন্যথায় জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে বাধ্য করা হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে নগর বিএনপি’র সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, সবুক্তগীন ছিদ্দিকী মক্কী, আশরাফ চৌধুরী, হারুন জামান, মাহবুবুল আলম কমিশনার, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, মঞ্জুর আলম মঞ্জু, গাজী মো. সিরাজ উল্লাহ, কোষাধ্যক্ষ সৈয়দ শিহাব উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, এস এম জি. আকবর, জহির আহমদ, হাজী বেলাল হোসেন, মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ