বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপসিনহার বিবৃতি প্রমাণ করে বিচার বিভাগের ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে

সিনহার বিবৃতি প্রমাণ করে বিচার বিভাগের ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতি প্রমাণ করে বিচার বিভাগের ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিচারপতি সিনহা সত্য কথাগুলো বলে দিয়েছেন। আর এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার কী করতে চাচ্ছে। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে ফখরুল এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মুনির হোসেন, কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধান বিচারপতি বলে দিয়েছেন সর্বোচ্চ আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। বুদ্ধিমান লোকেরা এটা (প্রধান বিচারপতির বিবৃতি) পড়লেই বুঝবেন। প্রধান বিচারপতি সত্য কথাগুলো বলে দিয়েছেন। তার সত্য কথাগুলো বলার পর প্রমাণিত হয়েছে বর্তমান সরকার কী করতে চাচ্ছে। ফখরুল বলেন, প্রধান বিচারপতির বিবৃতিতে বেরিয়ে এসেছে সরকারকে ভুল বোঝানো হচ্ছে; প্রধানমন্ত্রী অভিমান করেছেন। প্রশ্ন হল সরকারকে ভুল বোঝাচ্ছে কে? কারা এসব করছে? কারা সেদিন তাকে (প্রধান বিচারপতি) বাধ্য করল নিজের অফিস ছেড়ে চলে যেতে। যদিও সেদিন তার জয়েন করার কথা ছিল। কারা তাকে বাধ্য করল, কারা ফলস ডকুমেন্ট তৈরি করল?

মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আইনমন্ত্রী বলেছেন বিচার বিভাগ কিভাবে চলবে ও বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ ইত্যাদি বিষয়ে আলাপ হয়েছে। আইনমন্ত্রীর এই কথাগুলো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিচার বিভাগের এ রকম অবস্থার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা খালেদা জিয়ার মামলায় নিæ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা ঘটেছে। মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতে কোনো মামলা বিচারাধীন থাকলে নিæ আদালতে ওই মামলার কার্যক্রম স্থগিত থাকে। কিন্তু ওই ঘটনার (প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ঘটনা) পর দেখা যাচ্ছে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারিতে সরকারের উদ্দেশ্য স্পষ্ট। তারা দ্রুত মিথ্যা মামলার নিষ্পত্তি করতে চায় এবং খালেদা জিয়াকে সাজা দিতে চায়। এটা এ দেশের মানুষও বোঝে। বিচার বিভাগকে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি যার যে কাজ সেটা করতে দিন। নিরপেক্ষভাবে করতে দিন, স্বাধীনভাবে করতে দিন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কারণে প্রধান বিচারপতি ছুটিতে গেছেন কিনা প্রশ্ন করা হলে ফখরুল বলেন, অনেকে এটা আশঙ্কা করছে, আমরাও একই আশঙ্কা করছি। রায় পরিবর্তন, রায় এক্সপাঞ্জ ও সংশোধন করা হতে পারে। তিনি বলেন, বিচার বিভাগকে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-শাসনতন্ত্র রক্ষা করতে হবে। তিনি বলেন, প্রধান বিচারপতি যাওয়ার সময় গাড়ি থেকে নেমে বক্তব্য দিয়েছেন। এতে জনগণের ধারণা, সুপ্রিমকোর্ট বার ও আইনজীবীদের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। প্রধান বিচারপতি সুস্থ আছেন। অথচ সরকার সব সময় বলেছে তিনি অসুস্থ, চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। ফখরুল বলেন, প্রশ্ন হল কেন প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হল। নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই বিচার বিভাগের বিরুদ্ধে তারা এমন কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ