নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ অক্টোবর দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘কাঠগড় এলাকায় দায়িত্বপালনের সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটকানোর চেষ্টা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাকে আটক করতে সক্ষম হই। এসময় তার হাতে ৫০টি নীল রংয়ের পলিব্যাগ দেখতে পাই। এসব পলিব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন নিজেকে মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্রি করেন বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




