সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক বিস্ফোরণে ১১ কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ১০ অক্টোবর সকাল সাড়ে ছয়টায় ১১ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধদের মধ্যে আছেন সীতাকুণ্ডের বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), দিনাজপুরের মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), নোয়াখালীর আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), দিনাজপুরের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), সীতাকুণ্ডের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আতাউল হকের ছেলে আলাউদ্দিন (২৮), লালমনির হাটের আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫) প্রমুখ।




