বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট

হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট

ঢাকা মহানগরীর সব গাড়ির হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে অগ্রগতি প্রতিবেদন জমা হওয়ার পর রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ থেকে এ আদেশ আসে। পাশাপাশি থানায় জমা হওয়া সব হাইড্রোলিক হর্ন ধ্বংস করতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।  হাইড্রোলিক হর্ন বন্ধে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২৩ অগাস্ট একই বেঞ্চ রুলসহ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ঢাকার রাস্তায় চলাচলকারী যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। বাজারে থাকা সব হাইড্রোলিক হর্ন আগামী সাত দিনের মধ্যে জব্দ করে চার সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে পুলিশ প্রধান, পুলিশ কমিশনার, ডিআইজি (হাইওয়ে), যুগ্ম কমিশনার (ট্রাফিক) এবং বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। বিবাদীরা রোববার অগ্রগতির প্রতিবেদন দাখিল করার পর হাইড্রোলিক হর্ন থানায় জমা দেওয়ার আদেশ এল।

আরও পড়ুন

সর্বশেষ