ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে উপাচার্য পতনের আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও নির্ধারিত টিউটোরিয়াল অনুষ্ঠিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে শিক্ষক ফোরামের আনিত অভিযোগ আমলে নেয়ায় এবং শিক্ষক ফোরামের বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ফোরাম আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এদিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে রবিবার প্রথম দিনের মতো স্বাভাবিকভাবে প্রশাসন ভবনে নিজ কার্যালয়ে অফিস করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সকাল সাড়ে আটটায় তিনি অফিসে প্রবেশ করেন।
উপাচার্য বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ থাকলে শিক্ষা ও গবেষণার সুযোগ বেড়ে যাবে। তিনি আন্দোলন স্থগিত করার জন্য শিক্ষকদের এবং ফলপ্রসূ আলোচনার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, ‘আমি একজন নির্বাচিত উপাচার্য। আমি এভাবে পদত্যাগ করতে পারি না। আশা করছি, আমি নির্বাচিত উপাচার্যের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারব।’ জাতীয় নির্বাচনের আগে জাকসু নির্বাচন দেয়া হবে বলে তিনি জানান।
সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, ‘আন্দোলন আমরা স্থায়ীভাবে প্রত্যাহার করিনি, শুধু আগামী ১৫ দিন স্থগিত করেছি। এই সময়ের মধ্যে আমরা উপাচার্যের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গঠিত কমিশনের দিকে নজর রাখব।’
তিনি বলেন, উপাচার্য যদি নির্দোষ প্রমাণিত হন, তবে তিনি নিজ পদে থাকবেন না হলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই ১৫ দিন শিক্ষক ফোরামের সকল শিক্ষক ক্লাসে ফিরে শিক্ষার্থীদের পাঠদান করবেন বলেও জানান তিনি।
বিগত প্রায় এক মাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা ছাড়া কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অলস ভাব চলে এসেছিল। কিন্তু রবিবার যেন প্রাণ ফিরে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।
৪২তম ব্যাচের শিক্ষার্থী তামিম শোয়াইব বলেন, এতদিন পর ক্লাস করে অনেক খুশি লাগছে। শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, ভবিষ্যতে আন্দোলনের ক্ষেত্রে শিক্ষকদের ছাত্রদের কথা বিচেনা করা উচিত হবে।
প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবি করছিল সাধারণ শিক্ষক ফোরাম। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহের বুধবার উপাচার্যকে প্রশাসন ভবনে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা। টানা চার দিন অবরুদ্ধ থাকাবস্থায় সমস্যা সমাধানের উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী। শনিবার বিকাল পাঁচটা থেকে টানা পাঁচ ঘণ্টা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই রাত ১২টার সময় উপাচার্যকে অবমুক্ত করেন শিক্ষকরা এবং অবরোধ, ধর্মঘট ও কর্মবিরতিসহ সব ধরনের আন্দোলন ১৫ দিন স্থগিত করেন।




