আদালতে ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই সাংবাদিক। ৪ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে লাঞ্ছিত হওয়া দুই সাংবাদিক হলেন-প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল ও দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিন মুন্না।
জুয়েল শীল ও আমিন মুন্না বলেন, আদালতে শিবির ক্যাডার নাছিরের মামলার শুনানি থাকায় আমরা ছবি তোলার জন্য গিয়েছিলাম। আদালত প্রাঙ্গণে আমাদের মোটরসাইকেলটি একপাশে রেখে ভিতরের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ কনস্টেবল ইফতেখার এসে আমাদের গাড়ি এখানে কেন রেখেছি, তা নিয়ে গালিগালাজ করতে থাকে। কোন কথা না শুনেই ওই পুলিশ কনস্টেবল আমাদেরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এমনকি পুলিশের গাড়ি দিয়ে আমাদের চাপাও দিতে চেয়েছিল।




