নরসিংদীর মাধবদী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি বাস ও কাভার্ডভ্যান খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আহম্মেদ।
ওসি আরো জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুল্লাহ (৬০), তাঁর ছেলে রফিকুল (২০) ও সুমি বেগম। তাঁদের বাড়ি কান্দাইল এলাকায়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ আরো জানান, সিলেট থেকে ঢাকাগামী বাসটি কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোর জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিও খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করেন। এদিকে, এ ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মহাসড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক বিভাগের অবহেলা ও চালকদের বেপরোয়ার কারণে প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ।




