বন্যার কারণে সৃষ্ট খাদ্য ঘাটতি মোকাবেলায় আড়াই লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে কম্বোডিয়া থেকে এ চাল প্রতি টন ৪৫৩ ডলার দরে আসবে। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরে প্যাকেজ-৩ এর আওতায় আরও ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হবে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে কম্বোডিয়া থেকে দুই লাখ ৫০ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন আতপ চালের দাম ৪৫৩ ডলার। সে হিসেবে মোট খরচ হবে ৯৩৯ কোটি ৯৭ লাখ টাকা। তিনি বলেন, এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন চালের দাম পড়বে ৪০৭ দশমিক ৮৯ ডলার। এ জন্য মোট ব্যয় হবে ১৬৯ কোটি ৭৭ লাখ টাকা। সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স রেজিংটন এন্টারপ্রাইজ এ চাল সরবরাহ করবে।
এছাড়া বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে রামু থেকে মিয়ানমার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের সুপারভিশন কনসালট্যান্ট নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। মেসার্স এমএসইসি ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ দায়িত্ব পালন করবে। এতে ব্যয় হবে ৪১৬ কোটি ৫১ লাখ ২৭ হাজার টাকা।
চলতি বছরের আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্দোনেশিয়া থেকে এক লাখ ৩৭ হাজার ৬০০ ব্যারেল অকটেন আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি ব্যারেল অকটেনের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৫৫ ডলার।





