রাজধানীর মোহাম্মদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুই ডাকাত’ আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আহত দুজন হলেন হেলাল (৩৫) ও সিরাজ (৫০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাবের খুদে বার্তায় জানানো হয়, মোহাম্মদপুর হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে একদল ডাকাতের গোলাগুলি হয়। এতে হেলাল ও সিরাজ নামের দুই ডাকাত আহত হন। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।



