আজ শনিবার বিভীষিকাময় ১৭ আগস্ট। ২০০৫ সালে জঙ্গিদের মদদদাতা তৎকালীন চারদলীয় জোট সরকারের সময় এ দিনে দেশের ৬৩ জেলায় (মুন্সীগঞ্জ বাদে) সিরিজ বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র জঙ্গিরা।
রাজধানীসহ সারাদেশে প্রায় সকাল ১১টায় একযোগে হামলা চালানো হয়। দেশের ৩শ’টি স্থানে মাত্র আধ ঘণ্টার ব্যবধানে একযোগে ৫শ’ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে দু’জন নিহত ও দু’শতাধিক লোক আহত হয়।
সিরিজ বোমা হামলার স্থান হিসাবে জঙ্গিরা হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, জেলা প্রসাশক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব এবং বিভিন্ন সরকারি-আধা-সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বেছে নেয়। হামলার স্থানসমূহে জেএমবির লিফলেট পাওয়া যায়।
সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় শায়খ আব্দুর রহমান, বাংলাভাই, আতাউর রহমান সানি, জাভেদ ইকবাল, আবু জহর, জাহেদুল ইসলাম সুমন, শাহাদাত হোসেন ও লাল্টুকে আসামি করা হয়।




