ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসার কথা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার আগমন উপলক্ষে প্রস্তুতিও নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রচিত হয় একটি মানপত্র। তৈরি করা হয় কিছু উপহার সামগ্রী। কিন্তু সেসব আর নেয়া হয়নি জাতির জনকের। তার আগে ওই দিন রাতেই ঘাতকদের বুলেটে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
তবে সেই কালরাতের ৩৮ বছর পর সেই মানপত্র এবং উপহার সামগ্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বেলা সাড়ে ১১টার সময় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এই মানপত্র হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই মানপত্র এবং উপহার সামগ্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এই মানপত্র ও উপহার সামগ্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত থাকবে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।




