যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা। লন্ডনে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন এবং তার চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বলে দলের নেতারা জানিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলের চেয়ারপারসনকে বিদায় জানান। এ সময় টার্মিনালের বাইরে সড়কের পাশে দাঁড়িয়ে বিদায় জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, মীর নাসির, আবদুল মান্নান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। খালেদা জিয়ার বড় ছেলেও। দীর্ঘদিন পর ছেলের সঙ্গে মায়ের সাক্ষাৎ হলে বৈঠক হওয়াটা স্বাভাবিক। এটা নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। চিকিৎসা নিতে কতদিন লাগতে পারে এটা ডাক্তার ভালো বলতে পারেন। তিনি কবে দেশে ফিরবেন নিজেও জানেন না। এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কের খিলক্ষেতে হাজার হাজার নেতা-কর্মী একত্র হন। তারা দলের নেত্রীকে হাত নেড়ে বিদায় জানান।



