ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
চাঁদপুরের ফরিদগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট ও ৮ পুলিশসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় দেড়শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার সীমান্তবর্তী ফরিদগঞ্জের বর্ডার বাজারে।
সংঘর্ষ চলাকালে হরতাল সমর্থকরা রাস্তার পাশের গাছ কেটে রাস্তায় ফেলে প্রায় ৪ ঘণ্টা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সরকার দলীয় লোকজন পুলিশের সাথে যোগ দেয়।
সংঘর্ষে হরতাল সমর্থকদের অন্তত ১০টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অগ্নিসংযোগ, ৭/৮টি দোকানঘর ভাঙচুরসহ ১৪/১৫টি বাইসাইকেল লুটপাট হয়।
নিহত ইউসুফের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর থেকে একটি মাইক্রোবাসে করে চাঁদপুরের উদ্দেশে যাওয়ার সময় জামায়াত-শিবিরকর্মীরা তার গাড়িতে হামলা চালায়। তারা গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। সেখানে কর্তব্যরত ফরিদগঞ্জ থানা পুলিশ পিকেটারদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।




