চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানায় করা এ মামলায় নগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম স্বপন। অপর মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে। বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, পুলিশের দায়ের করা মামলায় ৫৫ জন এবং প্রতিষ্ঠানের করা মামলায় ৬৯ জনকে আসামি করা হয়েছে। এ দুই মামলাতেই নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নাম রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সুইমিংপুল ঘেরাও কর্মসূচি পালন করতে বিকেলে মিছিল নিয়ে আউটার স্টেডিয়ামে জড়ো হন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সুইমিংপুলের নির্মাণসামগ্রী ভাঙচুরের চেষ্টা চালান।
পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে নেতাকর্মীদের তর্ক বাধে। একপর্যায়ে ইটের আঘাতে পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ব্যবহার শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এরপর ছাত্রলীগের কর্মীরা রাস্তায় ব্যাপক গাড়ি ভাঙচুর করেন।




