শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজঙ্গিবাদ রুখতে আনসার-ভিডিপিকে আরও সোচ্চার হতে হবে

জঙ্গিবাদ রুখতে আনসার-ভিডিপিকে আরও সোচ্চার হতে হবে

তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ রুখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আরও সোচ্চার হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান।১০ এপ্রিল সকালে নগরীর লাভলেইনের স্মরণিকা ক্লাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে যেভাবে জঙ্গিবাদ দেখা যাচ্ছে তা প্রতিহত করতে হলে প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে আমাদের যে আনসার-ভিডিপির ৬৪ জন সদস্য আছে তাদের সোচ্চার হতে হবে। প্রত্যন্ত অঞ্চলের জনগণকে জঙ্গিবাদ রুখতে সচেতন করতে হবে। অস্ত্র নয়, লাঠি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ। পাশাপাশি গ্রামাঞ্চলের গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

আনসার-ভিডিপি মূলত স্বেচ্ছাসেবক বাহিনী জানিয়ে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে সকল সদস্যদের স্বেচ্ছায় দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে আনসার-ভিডিপিকে আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে। পাশাপাশি এ বাহিনীর সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে এখনো অনেকে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না। তারা একাত্তরের পরাজিত শক্তি। তারাই জঙ্গিবাদের অপশক্তি। গ্রামাঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা কাজ করছে। যা প্রশংসার দাবিদার। আনসার-ভিডিপির সদস্যরা লাঠি দিয়ে প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

আনসার-ভিডিপি চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামের রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান। সভাশেষে আনসার-ভিডিপির সদস্যদের ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ