সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে লাল বোটডুবির ঘটনায় নিখোঁজ ১৮ জনের মধ্যে তিনজনের মরদেহ নোয়াখালীর সুবর্ণচরে দেখতে পেয়েছে স্থানীয়রা। তবে তারা ‘ভয়ে’ মরদেহগুলো উদ্ধার না করে প্রশাসনকে খবর দিয়েছে। প্রশাসন সেখানে মরদেহের সন্ধানে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে। সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, ‘সোমবার দিনগত রাতে সুবর্ণচরে তিনটি মরদেহ দেখতে পেয়েছে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। কিন্তু তারা পরে বিপদে পড়বেন এমন আশঙ্কায় মরদেহগুলো উদ্ধার করেননি। আমি খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসনসহ সবাইকে জানিয়েছি। মরদেহগুলো উদ্ধারের জন্য অভিযান চালানো হবে। তিনি বলেন, ‘এই তিনটি মরদেহ আমাদের হাতে আসেনি। তাই আমাদের হিসেবে এখনও ১৮জন নিখোঁজ রয়েছে। লাল বোটডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- বড়দা জলদাস (৬০), সালাউদ্দিন (৩০), শচীন্দ্র জলদাস (৫৫), আবদুল হক (৬০) ও হাফেজ আমিন রসুল (৪৫)। এর আগে রোববার সন্ধ্যায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক থেকে যাত্রীরা নামার সময় ওই লাল বোটটি ডুবে যায়।



