বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের জন্য চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে চলতি সপ্তাহের মধ্যেই ‘ওয়ানস্টপ সার্ভিস’ সেবা চালু করার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রোববার সকাল ১১টা ৫ মিনিটে নগরীর ষোলশহর এলাকায় একই ভবনে অবস্থিত এই দুটি ভূমি সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে (সারপ্রাইজ ভিজিট) যান ভূমি প্রতিমন্ত্রী। তিনি প্রথমে ভবনের নিচ তলায় অবস্থিত চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে যান। গিয়েই বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন। এসময় তিনি এই সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসানের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সেবা নিতে আসা বিভিন্নজনের সঙ্গেও কথা বলেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানতে চান।
পরে একই ভবনের তিন তলায় অবস্থিত আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে যান তিনি। একইভাবে সেখানেও বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখেন। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল্লাহ মারুফসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দুটি অফিসে পরিদর্শনের সময় সঙ্গে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিলকে কাগজপত্রে কোনো গণ্ডগোল আছে কিনা দেখতে বলেন।
একইসময় তিনি দুটি অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে বিভিন্ন সময় অভিযোগ আসছে, বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা ভবনের চারতলা-পাঁচতলা পর্যন্ত উঠতে পারছেন না। তাদের জন্য নিচ তলায় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। আমি আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটি দেখতে চাই।
তিনি ভবনের নিচ তলায় দুটি ছোট ছোট কক্ষ বানিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেবা চালু করার নির্দেশ দেন। পরে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের কার্যালয়ে বসেই সাংবাদিকদের মুখোমুখি হন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমি যখন আজ থেকে তিন বছর আগে ২০১৪ সালে দায়িত্ব নিই তখনকার অবস্থা থেকে ভূমি অফিসগুলোতে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। তবে সব জায়গায় যে সমস্যার সমাধান হয়েছে তা নয়। কিছু কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। একেবারে অভিযোগ থাকবে না তা নয়,আমি চাই অভিযোগ মিনিমাম থেকে মিনিমামে নেমে আসুক।
তিনি বলেন, আমি এখানে আকস্মিক সফরে এসে অনেকের সঙ্গে কথা বললাম। তারা কেউ আমাকে কোনো অভিযোগ দেন নি। এর আগেও এখানে আকস্মিক ভিজিট করছিলাম। তখন কিছু অভিযোগ পেয়েছিলাম। তাই আমি মনে করছি এরকম সারপ্রাইজ ভিজিটের দরকার আছে। এতে পরিবর্তন দেখছি আমি।’
ওয়ান স্টপ সার্ভিস চালু করার বিষয়ে তিনি বলেন, ‘বয়স্ক, নারী অথবা প্রতিবন্ধীদের পক্ষে চার-পাঁচ তলায় উঠা কঠিন। আমি নিদের্শনা দিয়েছি এই সপ্তাহের মধ্যে ওয়ানস্টপ সার্ভিস চালু করার জন্য। তাদেরকে বলেছি এই সার্ভিস চালুর করার পর গণমাধ্যমে যাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়। আমি ভূমি অফিসগুলোতে পরিবর্তন আনবো। গ্রাহকদের কোনো হয়রানী সহ্য করা হবে না। সবাইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ওয়াদা মতো কাজ করতে ওয়াদাবদ্ধ।’




