রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪০ হাজার সিগারেট শলাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে ২০০টি কার্টনভর্তি এসব বিদেশি সিগারেট আটক করে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মইনুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বিমানবন্দরে দুই যাত্রী লাগেজসহ ৬ নম্বর বেল্ট থেকে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের দিকে যাচ্ছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তল্লাশি করেন। এ সময় তাঁদের মালামালের মধ্যে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়া যায়। এ দুই যাত্রী আজ সকাল ৭টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তাঁরা হলেন মো. তৈয়বুর রহমান ও ফিরদাউস আহমেদ। তাঁরা দুজনেই কক্সবাজারের বাসিন্দা।
বাংলাদেশ আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ বার্তা লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। তবে সিগারেটের ওপর আরোপ করা উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) ফাঁকি দিতেই এভাবে এত বিপুল পরিমাণ সিগারেট আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, জব্দ হওয়া সিগারেটের মধ্যে রয়েছে লন্ডনের বেনসন ব্র্যান্ডের ৩৫ হাজার ও লন্ডনের ৫৫৫ ব্যান্ডের পাঁচ হাজার শলাকা। শুল্ককরসহ আটক এসব সিগারেটের দাম প্রায় ১২ লাখ টাকা।




