বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপছাত্রলীগ থেকেই তৈরি হয়েছে অজস্র জাতীয় নেতা

ছাত্রলীগ থেকেই তৈরি হয়েছে অজস্র জাতীয় নেতা

জনপ্রশাসনমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম তার দলের ছাত্রসংগঠন ছাত্রলীগকে জাতির সম্পদ অভিহিত করে বলেছেন, ছাত্রলীগ রাজনীতির হাতেখড়ি ও প্রশিক্ষণ দেয়। এই সংগঠন থেকেই তৈরি হয়েছে অজস্র জাতীয় নেতা। ৭ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ছাত্রসমাবেশে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল বলেন, ছাত্রলীগ জাতির সম্পদ। জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ আমাদের শক্তি, মেধা ও চিন্তা। এখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো জায়গা নেই। আমি নিজেও ছাত্রলীগ থেকে প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিলাম। ছাত্রলীগ থেকেই অজস্র জাতীয় নেতার সৃষ্টি হয়েছে।

ছাত্রলীগের নেতাকর্মীরাই আগামী দিনের মন্ত্রী, এমপি, সিটি মেয়র ও জাতীয় রাজনীতিতে ওঠে আসবেন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ছাত্রলীগ এমন একটি প্রতিষ্ঠান যেটি জাতীয় নেতৃত্ব সৃষ্টি করেছে। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও রাষ্ট্র বিনির্মাণে ছাত্রলীগ অগ্রদূত হিসেবে কাজ করেছে। ছাত্রসমাবেশকে মিলন মেলা উল্লেখ করে সৈয়দ আশরাফুল বলেন, বক্তৃতা এ ধরনের অনুষ্ঠানে দেওয়ার সুযোগ নেই। এটি একটি মিলন মেলা। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর পরিচালনায় সমাবেশের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, শরীফ আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু। এ সমাবেশকে ঘিরে ময়মনসিংহের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ