জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ০৫ জানুয়ারি বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতে হাজির হন। এর আগে সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন খালেদা। খালেদা জিয়ার আদালতে যাওয়ার বিষয়টি জানান, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়ার ৩৪২ ধারায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো বৃহস্পতিবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদ খানকে আসামিপক্ষের অসমাপ্ত জেরার কথাও রয়েছে। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে।



