পাকিস্তানের পতাকা রক্ষার জন্যই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ০৭ ডিসেম্বর রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের সব চেয়ে বড় স্বৈরশাসক আইয়ুব খান পাকিস্তানের পতাকার আদলে বিশ্ববিখ্যাত স্থপতি লুই আই কানকে দিয়ে জাতীয় সংসদের নকশা করিয়েছিলেন। আজ জিয়াউর রহমানের মাজার সরানোর সিদ্ধান্ত থেকে প্রশ্ন উঠছে, আপনারা কি পাকিস্তানের পতাকা রক্ষার জন্যই জিয়াউর রহমানের মাজার সরাতে চাচ্ছেন?
অন্যদের মধ্যে এ সময় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।




