বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

ঢাকায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৪ অক্টোবর সকাল কম্বোডিয়া থেকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দেশের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ জেট তাকে অভ্যর্থনা জানায়। বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হবে চীনা প্রেসিডেন্টকে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির নেতার এ সফরকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় তিন দশক পর চীনা কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। তাঁর সফরকে ‘নতুন যুগের সূচনা’ বলে অভিহিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে সম্ভাব্য ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, চীনা প্রেসিডেন্টের সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মোটর শোভাযাত্রাসহকারে চীনা প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হবে।

শি জিনপিং বিকেল ৩টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই নেতা কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এর পর বিকেল ৫টায় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হোটেল লা মেরিডিয়ানে বৈঠক করবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং। বৈঠক শেষে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিকেল ৪টায় হোটেল লা মেরিডিয়ানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে চীনা প্রেসিডেন্ট রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ১০টায় ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন।

ঢাকা সফরকালে চীনা প্রেসিডেন্টের ১৩ সদস্যের সফরসঙ্গীর পাশাপাশি ৩৩ সদস্যের সরকারি কর্মকর্তা এবং ৩৪ সদস্যের নিরাপত্তা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা আছেন। ১৯৮৬ সালের মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট লি জিয়ান নিয়ানের বাংলাদেশ সফরের দীর্ঘ তিন দশক পর কোনো চীনা প্রেসিডেন্ট এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন।

আরও পড়ুন

সর্বশেষ