মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচন্দনাইশে প্রতিবেশীকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন

চন্দনাইশে প্রতিবেশীকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন

চন্দনাইশে প্রতিবেশীকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ২২ আগস্ট দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামসুন্নাহার ও তার ছেলে হুমায়ুন কবির। আসামিরা বর্তমানে কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি ও অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় ছেলেকে মৃত্যুদণ্ড ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ সদরে গ্রামের বাড়িতে ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে হত্যা করে আসামিরা।  এসময় আসামি শামসুন্নাহার প্রতিবেশী মনির আহমেদের বুকে লাঠি দিয়ে আঘাত করে ও তার ছেলে হুমায়ুন কবির কোদাল দিয়ে মাথায় আঘাত করে কুপিয়ে হত্যা করে।  মনির আহমেদ চৌধুরী রূপালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

ঘটনার দিন নিহতের ছেলে তানভির উবনে মনির বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।  ২০০৬ সালের ১৯ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।  ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ