বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে ওই দুই রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া। তিনি বলেন, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় স্রোতের সঙ্গে যোগ হয়েছে প্রবল ঢেউ। ফলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এ রুটে ছোট ফেরি ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু রো-রো ফেরি কোনো মতে চলছে।
বাংলাদেশ অভ্যন্তরী নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ ও স্পিডবোর্ড চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে লঞ্চ মালিকদের উদ্ধৃতি দিয়ে পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সামসুল আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পদ্মা নদীতে সৃষ্টি হওয়া প্রবল ঢেউ আর তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। অপরদিকে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম আরো জানান, নদী এখনো উত্তাল প্রচণ্ড ঢেউ বইছে। সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে বাইরে থাকায় চালু করা সম্ভব হচ্ছে না এ রুটের লঞ্চ চলাচল।




