আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব অঞ্চলে একযোগে উন্নয়ন করতে হবে। আর সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয়পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। ২৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ বৈঠকে এ আহ্বান জানান তিনি। বেজা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। শেখ হাসিনা বলেন, দেশের সার্বিক উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতে সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীল প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি আরও বলেন, দেশের যে অঞ্চলে যে পণ্য ভালো উৎপাদিত হবে, সেখানে সে পণ্য উৎপাদন করতে হবে।
দেশের সার্বিক উন্নয়নেরে জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পূর্ব ঘোষণা পূনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এর বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন তিনি।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিনিযোগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং সংশ্লিষ্ট দফতরের মুখ্য সচিবরা উপস্থিত ছিলেন।




