সন্ত্রাস বিরোধী অপারেশন ‘আইরিন’র শেষদিন ২৩ জুলাই তিনটি বিমানবন্দরে র্যাব ও বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় যাত্রী লাউঞ্জে তল্লাশি করা হচ্ছে। ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ তল্লাশি চলছে। ২৩ জুলাই সকাল থেকে এ তল্লাশি শুরু করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চট্টগ্রাম ও সিলেটে সকাল ৬টা থেকে যাত্রী লাউঞ্জে ব্যাগেজ অত্যন্ত সর্তকর্তার সঙ্গে র্যাব ও বিজিবি’র ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে বিকেল ৪টায় শুরু হবে এ তল্লাশি। অভিযান শেষে এ বিষয়ে ব্রিফিং করা হবে। এর আগে এ তিনটি বিমানবন্দর ছাড়াও স্থলবন্দরে এ তল্লাশি করা হয়েছে। ৮ জুলাই থেকে রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (রাইলো এপি)-এর উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি দেশে এ অভিযান চলছে। সন্ত্রাসবাদে ব্যবহৃত হাল্কা অস্ত্র, বিস্ফোরক ও মাদকের চোরাচালান ঠেকানোর জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।




