ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি সমিতির তিন নেতা নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম (৪৫) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া (৫০)। তাদের তিনজনের বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে জেলা ট্যাংক-লরি সমিতির ওই তিন নেতা ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন। পথে বেড়তলা এলাকায় ঢাকামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছেন বলে জানান তিনি।



