বহুল কাঙ্ক্ষিত দেশের প্রথম মেট্রোরেলের ভূমি উন্নয়ন কাজ ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রকল্প দু’টির ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। পরে দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনি আরও বলেন, ঢাকায় অনেক মানুষের বসবাস। আমাদের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তাদের যাতায়াত আরও সহজ করা। দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের আওতায়। আর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে গাজীপুর বাস ডিপো।
বাস্তবায়নাধীন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১ কিলোমিটার। এটি উত্তরা থেকে শুরু হয়ে পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ী-ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ- টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। মেট্রোরেল চালু হলে ঘণ্টায় উভয়দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। আর বাস্তবায়নাধীন বিআরটিএ লাইন দিয়ে গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।




