মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপি নেতা রিজভী বলেন, ফাহিম জঙ্গি কি না বা তাঁর সঙ্গে আরও কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসত। তার আগেই তাঁকে হত্যা করা হলো। তিনি বলেন, দুজনেই রক্তারক্তি পছন্দ করে। এ কারণে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সরকার কোনো রকম বিচার ও তদন্ত করছে না। মানুষকে হয়রানি করছে।
সারা দেশে পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এরপরও কেন রামকৃষ্ণ মিশন ও কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি দেওয়া হলো? তিনি বলেন, অভিযান তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। গ্রেপ্তার করা হচ্ছে। এ প্রসঙ্গে গাইবান্ধায় গতকাল গ্রেপ্তার বিএনপির নেতা–কর্মীদের তালিকা তুলে ধরেন তিনি। শুধু মাত্র বিরোধী দলকে অপবাদ দেওয়া ও শেষ করার জন্য সরকার গ্রেফতার করছে এমন কথা উল্লেখ করে তিনি আরো বলেন, জঙ্গিবাদ ও আওয়ামীবাদ যমজ দুই ভাই।
রিজভী বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতার অভিযান শেষ হয়েছে ১৭ জুন সকালে। তারপরও পুলিশ বিএনপি নেতাদের গ্রেফতার করছে। ঢাকা, গাইবান্ধা, পলাশ বাড়ি, সোনাগাজী, চরদরবেশপুর, খুলনা, বাগেরহাট, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত দু’দিনে ৮১ জন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে এমন তথ্য দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পুলিশের তথ্যমতে ২ হাজার ৬৮২ জন গ্রেফতার হয়েছে। কিন্তু বাস্তবে এর সংখ্যা ২ হাজার সাত শতাধিক। রিজভী দাবি করেছেন, জঙ্গিবাদ দমন করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা জঙ্গি দমন নয় একটি এজেন্ডা হয়ে কাজ করা। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে ট্রানজিট দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।




