দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনের ভেতরেই দুর্নীতি রয়ে গেছে। তাই দুদক ঘর থেকেই সংশোধনের কাজ শুরু করেছে’। ৩১ মে বেলা ১২টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তিনি বলেন, আমি গত আড়াই মাসে দেখেছি, অনুসন্ধান-তদন্ত যে সময়ে করার কথা, সে সময়ে করা হয় না। সত্য বলতেই হবে। সত্য বলার পেছনে কিছু নেই। দুর্নীতি দমন কমিশনের হাজার হাজার মামলা ‘ডিপ ফ্রিজে’ জমে আছে। অথচ কথা ছিলো, তারা (দুদক কর্মকর্তারা) ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করবে। আমি একটি মামলাও দেখিনি ৩০ দিনে অনুসন্ধান শেষ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, ১০ বছর আগের নথিও আমার কাছে আসে।




