সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত বাংলাদেশ সরকারের প্রথম ৫ টাকার কারেন্সি নোট আগামী ৬ জুন রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ৫ টাকার নোটকে ব্যাংক নোটের পরিবর্তে কারেন্সী নোটে রুপান্তরের বিষয়ে গতবছরের ২১ নভেম্বর সম্মতি প্রদান করেন। এর প্রেক্ষিতে অর্থ সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকার কারেন্সি নোট মুদ্রণ করা হয়। প্রথম পর্যায়ে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হলেও পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে। খবর বাসসের।
অর্থ সচিব স্বাক্ষরিত ৫ টাকার কারেন্সি নোটের সম্মুখ পৃষ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পৃষ্ঠে রাজশাহীর কুসুম্বা মসজিদের ছবি থাকবে। নতুন নোটের সম্মুখ ও পশ্চাদপৃষ্ঠের উপরিভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ এর পরিবর্তে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্থলে বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে। লিগ্যাল টেন্ডার বা কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখপৃষ্ঠের মধ্যখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।
উল্লেখ্য, নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাউন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যুগপৎ চালু থাকবে।




