বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপ্রকৃত মুক্তিযোদ্ধাদেরই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে হবে

প্রকৃত মুক্তিযোদ্ধাদেরই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে হবে

প্রকৃত মুক্তিযোদ্ধাদেরই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ২১ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ঢাকায় বসবাসরত বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতি’ এ আলোচনা সভার আয়োজন করে।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরই ভুয়া মুক্তিযোদ্ধাদের আইডেন্টিফাই করতে হবে। জালিয়াতি করে অনেক সচিব, উপ-সচিব, অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা বনে গেছেন। অনেকের আবার ওই সময় (যুদ্ধের সময়) জন্ম হয়নি। এসব ভুয়াদের বের করতে হবে’। তিনি বলেন, ষড়যন্ত্রের কারণে বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। কিন্তু টেনশনের কিছু নেই। মুক্তিযোদ্ধাদের সব ধরনের সমস্যার সমাধান করা হবে।

বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি মেজর জলিল, এসপি মাহবুব, জালাল সরদার, আসমত আলী খান (নৌ-পরিবহনমন্ত্রীর বাবা), ফণীভূষন মজুমদার, শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল হুদাকে স্মরণ করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খাঁন (এফ আর খান)

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ সালাম খান, দফতর সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. গোলাম কাদের, সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম বাচ্চু, সদস্য এ কে এম নুরুল কবীর ও ডা. রুহুল কুদ্দুস।

সভায় শেখ কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও মো. শাহ আলম নান্নুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন আব্দুস সালাম বাচ্চু।

আরও পড়ুন

সর্বশেষ