বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি। রোববার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির এ বিক্ষোভ সমাবেশের আয়োজন।নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দিয়ে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে সরকার।
যে মামলায় বিএনপির চেয়ারপার্সনকে চার্জশীটে অন্তভুক্ত করেছে সেই মামলার এফআইআরএ খালেদা জিয়ার কোন নাম ছিল না উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া যখন দেশের গণতন্ত্র, ভোটাধিকার, হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় এর অবৈধ টাকার ব্যাংক হিসাব তদন্ত করার কথা বলেছেন তখনই তাকে নতুন মামলায় চাজশীট প্রদান করেছেন।
শাহাদাত বলেন, বাংলাদেশের সামনে যে সমস্যা তৈরি হয়েছে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্র বললেও দেশে গণতন্ত্র নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সভাপতির বক্তব্যে আবু সুুফিয়ান বলেন, মামলা, অত্যাচার নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। কারণ বাংলার মানুষ স্বৈরাচারি সরকারের কাছ থেকে মুখ তুলে নিয়েছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার চার্জশীট তার জনপ্রিয়তা কমানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ সরকারের কূটচাল বুঝে গেছে। তারা সরকারের এসব কল্পকাহিনী বিশ্বাস করে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক চাকসু জিএস মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কও, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, চাকসু ভিপি নাজিম উদ্দিন, এস এম সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, আনোয়ার হোসেন লিপু, আর ইউ চৌধুরী শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।




