বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সার্জেন্টের কাছ থেকে রেহাই পাননি উল্টো পথে চলা যুগ্ম সচিবের গাড়ী

সার্জেন্টের কাছ থেকে রেহাই পাননি উল্টো পথে চলা যুগ্ম সচিবের গাড়ী

রাস্তা ফাঁকা। হরতালের দিন। সামান্য রাস্তার জন্য অনেকটা পথ ঘুরতে হবে, এ জন্য চালক উল্টো পথ দিয়ে চালানো শুরু করলেন গাড়ী। বিধিবাম কর্তব্যরত এক সার্জেন্ট গাড়ীকে থামার নির্দেশ দিলেন। যে গাড়িকে থামার নির্দেশ দেওয়া হয়েছে সে গাড়িটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজের। তাই বলে ওই সার্জেন্টের কাছ থেকে রেহাই পাননি গাড়ীর চালক। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের অদূরে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সাদা রংয়ের পাজেরো জিপের ড্রাইভার গাড়িতে বসে সামনে দাঁড়ানো পুলিশ সার্জেন্টকে বোঝাচ্ছেন। কিন্তু পুলিশ সার্জেন্টের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি ড্রাইভারের দিকে না তাকিয়ে পকেট থেকে একটি নোট বুক বের করে তাতে গাড়ির নাম্বার, মালিকের নাম, মোবাইল নম্বর, ঘটনার সময় ইত্যাদি লিখে নিচ্ছিলেন।

এ সময় ড্রাইভার বার বার ভুল হয়ে গেছে বললেও মুখে কিছু না বলে চলে যাওয়ার জন্য ইশারা দেন। সার্জেন্টের পাশে থাকা ট্রাফিক কনস্টেবলকে ক্যামেরা দিয়ে গাড়ির একটি ছবি তুলে রাখার নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে গেলেন। পরে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বলেন, সম্প্রতি ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন ডেকে উল্টোপথে গাড়ি চালানো নিষেধ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও এ সংক্রান্ত কঠোর নিদের্শনা এসেছে। তাই আমরা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে বিবেচনা না করে উল্টোপথে আসা গাড়ি আটকে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে ডিসি স্যারকে জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উল্টোপথে গাড়ি চলাচল ও যত্রতত্র পার্কিং, হাইড্রোলিক হর্ন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। এছাড়া প্রতিষ্ঠানের স্থায়ী স্টিকার ছাড়া গাড়িতে কোনো অস্থায়ী স্টিকার লাগানো যাবে না বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

সর্বশেষ