বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিজামীর ফাঁসি কার্যকর

নিজামীর ফাঁসি কার্যকর

মানবতাবিরোধী অপরাধে একাত্তরের বদরপ্রধান জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয়। এরপর রাত দেড়টার দিকে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি কড়া নিরাপত্তায় তার জন্মজেলা পাবনার উদ্দেশে রওনা হয়। সেখানে সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে কবর দেয়া হবে, যেটি নিজামী ওছিয়ত করে গেছেন। ফাঁসি কার্যকরের পর রাতে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে এসে সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। এর আগেই অবশ্য ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক ব্রিফিংয়ে নিজামীর ফাঁসি কার্যকরের কথা জানান। নিয়ম অনুযায়ী, ১২টা ১০ মিনিটে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির তার হাত থেকে লাল রুমাল ফেলা মাত্রই ফাঁসির মঞ্চের লিভার (হাতল) ধরে টান দেন জল্লাদ রাজু। রশিতে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রেখে ফাঁস-কূপ থেকে নিজামীর লাশ তোলা হয়। জেলা সিভিল সার্জন ডা. আবদুল মালেক মৃধা লাশ পরীক্ষা করে নিজামীকে মৃত ঘোষণা করেন, যার মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত পঞ্চম আসামির ফাঁসির দণ্ড বাস্তবায়ন করা হল।

নিজামীর ফাঁসি কার্যকরের সময় সেখানে অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত আইজি প্রিজন) ইকবাল হাসান, জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এছাড়া মঞ্চের পাশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন প্রতিনিধি ও র‌্যাবের একজন প্রতিনিধি। ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ও দু’জন ডেপুটি জেলার।

ফাঁসির দড়িতে ঝোলানোর আগে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তার সঙ্গে শেষবারের মত সাক্ষাৎ করেন। এরপর রাত ১০টার দিকে নিজামীকে গোসল করানো হয়। পরে কেন্দ্রীয় কারা মসজিদের ইমাম হাফেজ মনির হোসেন নিজামীকে তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে তোলার আগে তাকে জমটুপি পরানো হয়। আর রাত ১২টা ১০ মিনিটে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির তার হাতের রুমাল ফেলা মাত্র জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। গত ৫ মে নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজ করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গতকাল সোমবার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর সুপ্রিমকোর্ট থেকে ট্রাইব্যুনাল ঘুরে রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেম) সেলে থাকা নিজামীকে এই পড়ে শোনানো হয়। সেখানে রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। এর আগে নিজামীকে গত রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ