মোহাম্মদ সাদিককে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এতে বলা হয়, সদস্যপদ ছেড়ে দেওয়া সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে। বর্তমান চেয়ারম্যান ইকরাম আহমেদের মেয়াদ শেষ হয় ১৩ এপ্রিল, তারই স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিক অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। গত বছরের ১৮ সেপ্টেম্বর শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি পিআরএলে যান। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক। তার জন্ম ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে।



