সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব প্রকার নৌযানে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্লবার বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. একিন আলী মাস্টার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বরিশাল শাখা কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ (বুধবার) রাত ১২টা ১ মিনিট থেকে সব প্রকার যাত্রীবাহী, পণ্যবাহী, পোস্টাল, ট্যাংকার, বালুবাহী জাহাজ, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহআলম ভূইয়া জানান, একই দাবিতে গত ২৬ জানুয়ারী থেকে তারা লাগাতার ধর্মঘট আহ্বান করেছিল। ওই সময় নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান সভা করে দাবি মেনে নেয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর প্রায় তিনমাস হতে চললেও শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়নি। এমতাবস্থায় গত ১১ এপ্রিল নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকায় এক সাংবাদিক সম্মেলন করে বুধবার রাত থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েলট্যাঙ্কারসহ সবধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে।




