শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাঁশখালীর কর্মসূচি স্থগিত

বাঁশখালীর কর্মসূচি স্থগিত

বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে এলাকাবাসীর কাফন মিছিল ও উপজেলা পরিষদ ঘেরাও এবং তা প্রতিহতে উপজেলা সদরে ডাকা আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ‘প্রতিরোধ কর্মসূচি’র কারণে সৃষ্ট রুদ্ধশ্বাস পরিস্থিতির আপাত অবসান হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘বিশেষ বার্তার’ কারণে কাফন মিছিল ও ঘেরাও কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিতের মধ্য দিয়ে এ পরিস্থিতির অবসান হল বলে জানিয়ে গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির সভাপতি লেয়াকত আলী বলেন, প্রধানমন্ত্রীর হয়ে আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন গতকাল বিকেল ৫টায় গণ্ডামারায় এসেছেন। গণ্ডামারাবাসী তাদের দাবি দাওয়ার কথা উনাকে বলেছেন। উনি সব দাবির ব্যাপারে একমত পোষণ করে ১৫ দিনের সময় চেয়েছেন। লেয়াকত আলী বলেন, আমরা ১৫ দিনের জন্য আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছি, বাতিল করিনি। আবদুল্লাহ কবির লিটনের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ, এ হত্যাকান্ডের জন্য দোষীদের শাস্তির আওতায় আনা, আহতের চিকিৎসার ব্যবস্থা করা, দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের দ্রুত জামিনের আশ্বাস দেয়ার প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে। তাছাড়া বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে কয়লা বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত উপস্থাপন করার ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তিনি আশ্বাস দেন। গণ্ডামারার শতশত মানুষের সামনে দেয়া এসব আশ্বাস আমরা বিশ্বাস করতে চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে। তিনি জনগণের বিপক্ষে যাবেন না। আবদুল্লাহ কবির লিটনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট আ ন ম শাহাদাত আলম ও মৌলভী নুর হোসেনসহ অন্যান্যরা। এদিকে বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির কর্মসূচি স্থগিত হওয়ার কারণে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রতিরোধ কর্মসূচি আর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
আরও পড়ুন

সর্বশেষ