শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিটাঙ্গাইল-৪ উপ-নির্বাচন ফের স্থগিত

টাঙ্গাইল-৪ উপ-নির্বাচন ফের স্থগিত

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন ফের স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মূল আপিলের শুনানি হবে আগামী ৩ মে। ১৫ মার্চ কাদের সিদ্দিকীর লিভ টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃ্ত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।  দুই দফা পেছানোর পর আগামী ২০ মার্চ টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু মঙ্গলবারের আদেশে এ নির্বাচন ফের স্থগিত হয়ে গেলো।

আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসীন খান। টাঙ্গাইল-৪ আসনে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী।  গত বছরের ০১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ০৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এরপর গত বছরের ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য করেছিল ইসি। তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর রিটের প্রেক্ষিতে প্রথমে চেম্বার আদালত উপ-নির্বাচন স্থগিত রেখেছিলেন। পরে এ স্থগিতাদেশ বহাল রেখে ৩১ জানুয়ারি পর্যন্ত উপ-নির্বাচন স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরবর্তীতে হাইকোর্টের রায়ের আলোকে আইনি জটিলতা কাটায় ২০ মার্চ ফের উপ-নির্বাচনের দিন ধার্য করে ইসি। অন্যদলের পাশাপাশি এতে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন।

কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত বছরের ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর ১৬ অক্টোবর এ দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত রায় দেন। এরপর নির্বাচন কমিশনের বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

আরও পড়ুন

সর্বশেষ