শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত

নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের উন্নয়ন ও গণতন্ত্রের পথ রুদ্ধ হয়। বন্ধ হয় মানুষের বাক, মতামত ও চিন্তার স্বাধীনতা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। ১৪ মার্চ দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ দেশ গঠনে ‘রূপকল্প ২০২১’ ঘোষণা করেছেন। এ রূপকল্প বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, আগামী ২০৫০ বা ২১০০ সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত বা অবস্থান কোন স্তরে পৌঁছাবে তা বিবেচনায় রেখেই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেও যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে আচার্য আবদুল হামিদ বলেন, সেবা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে এ সনদের মান সমুজ্জ্বল রাখতে হবে। তোমাদের এ অর্জনে দেশের মানুষের অনেক অবদান রয়েছে। নিজেদের মেধা, মনন ও কর্মের মাধ্যমে তা পরিশোধ করবে। কর্মক্ষেত্রে পৃথিবীর যে প্রান্তেই থাকনা কেন, মাতৃভূমি এবং দেশের জনগণের কথা কখনো ভুলবে না।  সম্প্রতি চুয়েটে সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতে বিশ্বজুড়ে পানি সম্পদ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স, ন্যানোটেকনোলজিসহ নতুন নতুন গবেষণায় এ বিভাগ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাবর্তন বক্তা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলাদেশ বন্যা, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে অতিদ্রুত এ ধরণের মহাপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। চুয়েট এর গুরুত্ব উপলব্ধি করে ভূমিকম্প গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ মহাপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে চুয়েটের শিক্ষার্থী, প্রকৌশলী ও স্থপতিরা উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তর থেকে শিক্ষার উচ্চমান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে আমরা এখনও পিছিয়ে রয়েছি। শিক্ষার যথোপযুক্ত উন্নয়নের জন্য গবেষকদের মানোন্নয়নের দিকে নজর দিতে হবে। এছাড়া বক্তব্য দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. হজরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মোস্তাফা কামাল ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফারুক-উজ-জামান চৌধুরী। বিশ্ববিদ্যালয় সূত্র ‍জানায়, এবারের সমাবর্তনে স্নাতকে ১ হাজার ৫৬৪ জন, মাস্টার্সে ৩২ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চারজন এবং পিএইচডি’তে তিনজনকে ডিগ্রি দিয়েছে চুয়েট। এর মধ্যে গোল্ড মেডেল পেয়েছে চারজন। সমাবর্তনে এবারই প্রথম পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ থেকে প্রকৌশল ডিগ্রি দেওয়া হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ