ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার।খবর ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, বুধবার সকালে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়। ‘Anup Chetia handed over to India by Bangladesh’ শিরোনামে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) উপদেষ্টা অজিত দোভালের সক্রিয় প্রচেষ্টায় চেটিয়াকে ভারতে ফেরত নেয়া হয়। তবে অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়েছেন বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা নেই; হতে পারে, পরে বিস্তারিত জানাবো।এদিকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে এ সপ্তাহেই ফিরিয়ে আনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সমঝোতার ভিত্তিতে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে পিটিআইয়ের খবরে বলা হয়।১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশী মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০১২ সাল থেকে অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।



