সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ আবেদন দাখিল

মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ আবেদন দাখিল

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী। বুধবার আপিল বিভাগে পৃথকভাবে আবেদন দু’টি দাখিল করা হয়েছে। সকাল দশটা ১০ মিনিটে মুজাহিদ ও বেলা ১২টা ১০ মিনিটে সাকা চৌধুরীর রিভিউ আবেদন জমা দেওয়া হয়। মুজাহিদের আইনজীবী শিশির মনির জানান, মোট ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে। রিভিউয়ের পেপারবুক দাখিল করা হয়েছে তিন শতাধিক পৃষ্ঠার। অন্যদিকে সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি জানান, মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন তারা। দু’জনেরই প্রধান আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন দু’টির শুনানিতে আসামিপক্ষে নেতৃত্ব দেবেন খন্দকার মাহবুব হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন উপদেষ্টা। দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন খন্দকার মাহবুব হোসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি রিভিউ দু’টির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান শিশির মনির। মুজাহিদের রিভিউ সম্পর্কে শিশির মনির বলেন, তদন্ত কর্মকর্তা ২২ মাস ধরে তদন্ত করে আলবদর, আলশামস ও শান্তি কমিটির কোনো তালিকায় তার (মুজাহিদ) নাম খুঁজে পাননি। কিন্তু এ বিষয়ে আপিল বিভাগ কোনো ব্যাখ্যা না দিয়ে চূড়ান্ত রায়ে মুজাহিদকে  আলবদর কমান্ডার বলছেন। এটা স্পষ্ট নয়। রিভিউয়ে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া আমাদের প্রশ্ন হচ্ছে, একাত্তরের ২৩ বছরের একজন ছাত্র ও বেসামরিক ব্যক্তি কিভাবে সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রধান হন? তিনি বলেন, এ রকম আরো কিছু বিষয় আছে। সব বিষয় বিবেচনায় নিয়ে আশা করি, তিনি অভিযোগ থেকে রেহাই পাবেন। একই আশাবাদ ব্যক্ত করেছেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানিও। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল মামলাগুলোর মতোই রিভিউ আবেদনগুলোর শুনানিতেও রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেবেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ