ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালাম মিয়া (৪৫), সাইদুর (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩০), আজাদ (২৫)। এদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায়। অন্যরা সবাই নওগাঁর বাসিন্দা।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, নওগাঁ থেকে চাল বোঝাই ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালের বস্তার উপর বসে থাকা সাতজন খাদে পড়ে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা পোস্টমর্টেম না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেছেন। তিনি অনুমতি দিলে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।




